গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, কৃষক জানবার প্রামাণিকের গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় অগ্নিকাণ্ডে ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী কৃষক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান,হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুর ঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





