নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

নোয়াখালী
প্রতীকী ছবি
এখন জনপদে
0

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে আহত নিরব (২৬) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নং ওয়ার্ডের গনি মাঝির ছেলে।

আজ (রোববার, ২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। এরপর আজ সকাল দশটায় নিরব একই এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির উপর হামলা চালায়।

এ সময়ে রুবেল মাঝিকে উদ্ধার করতে আসলে নীরব ও তার সঙ্গে থাকা অপর দুইজনের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল(২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।

আরও পড়ুন:

স্থানীয়রা তাদের উদ্ধার করতে এসে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নিরবের সাথে থাকা অপর দুইজন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ছয়টায় নিরবের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও পরবর্তীতে হামলা-পাল্টা হামলার ঘটনায় নীরব নামে একজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিক দুইজনকে আটক করে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এএইচ