কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

সংঘর্ষে নিহত আজিম উদ্দিন
এখন জনপদে
0

কুষ্টিয়ায় ব্যাটারিচালিত পাখি-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আজিম উদ্দিন (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানটিতে থাকা অন্তত তিন যাত্রীও আহত হয়েছেন। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) আবু ওবায়েত।

নিহত আজিম উদ্দিন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের লালা দ্বারিগ্রামের আবু মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কুষ্টিয়া সদরের কবুরহাট কদমতলা এলাকায় বাবার বাড়ি থেকে বিথি খাতুন ও তার স্বজনরা পাখিভ্যানযোগে রাতে তার স্বামীর বাড়ি কুমারখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দবির মোল্লা রেল গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আজিম উদ্দিন নিহত হন।

আরও পড়ুন:

এ ঘটনায় বিথি খাতুনসহ ভ্যানের অন্তত তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) আবু ওবায়েত জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ