নারায়ণগঞ্জের ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নারায়ণগঞ্জ
দুই গ্রুপের সংঘর্ষ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রাকিব হোসেন (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে স্থানীয়রা ইমরান (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

আহত রাকিব অভিযোগ করেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, তার সহযোগী অভি ও আরিফ তাকে গুলি করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনি হাউজিং এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা বেস্ট স্টাইল কম্পোজিটের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপের কর্মী সালাম এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে কারখানা থেকে ঝুট নামানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের কাছে নিজ ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানরত রাকিব হোসেন গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, ‘ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএ