হঠাৎ স্কুল পরিদর্শনে এমপি মনিরুল; শিক্ষার্থীদের সঙ্গে করলেন ক্লাস

কুমিল্লা
ক্লাসে শিক্ষার্থীদের পাশে বসে এমপি মনিরুল
এখন জনপদে
1

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী হঠাৎ কুমিল্লার একটি স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে ক্লাস করেছেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এ ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

জানা যায়, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এমপি মনিরুল হক চৌধুরী স্কুলটি পরিদর্শনে যান। এসময় সপ্তম শ্রেণির একটি বাংলা ক্লাস চলছিল। তিনি শিক্ষিকার অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসেন এবং ক্লাস স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলেন।

প্রায় আধা ঘণ্টা তিনি মনোযোগী শিক্ষার্থীর মতো ক্লাসে অংশ নেন। এক পর্যায়ে এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতার আবৃত্তি শোনেন।

আরও পড়ুন:

পরে তিনি দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

এমপির ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ জানান, টিকাদান কর্মসূচি শেষে ফেরার পথে এমপি হঠাৎ স্কুলটিতে প্রবেশ করেন এবং চলমান ক্লাসে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে বসে ক্লাস উপভোগ করার বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে।

এ ঘটনাকে শিক্ষার প্রতি আগ্রহ ও শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসএইচ