গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন; ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ
ট্রান্সফরমারে আগুন
এখন জনপদে
4

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রিড উপকেন্দ্রের আগুন ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। ৩০০ এমভিএ ক্ষমতার ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এই আগুন লাগে।

আজ (শুক্রবার, ১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আদমজী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিকেল সোয়া ৫টায় আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

তবে আগুনে ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের হিসেবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

এসএস