কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া ঘর
এখন জনপদে
0

কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক কৃষকের তিনটি বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুলপুর ঘোগ এলাকায় কৃষক বাহাদুর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রথমে কেউ এগিয়ে আসেননি। পরে প্রায় দুই ঘণ্টা ধরে আগুনে পুড়ে তিনটি বসতঘর, আসবাবপত্র, টিন, নগদ টাকা, খাদ্যশস্য ও কাপড়সহ সবকিছু ছাই হয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব পুড়ে নিঃস্ব হয়ে পড়েন কৃষক বাহাদুর আলী।

ভুক্তভোগী বাহাদুর আলী বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। কারেন্টের ভয়ে কেউ আগে আসেনি। আমার সবকিছু পুড়ে গেছে, পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

এএইচ