বান্দরবান পৌরসভার সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। বিভিন্ন স্থানে উন্নয়নের নামে যত্রতত্র সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কাজ শেষের কোনো লক্ষণ নেই। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, ভাঙন আর ঝুঁকিপূর্ণ পথ। এছাড়াও ধুলো বালিতে একাকার হয়ে যাচ্ছে পুরো শহর।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, নার্সিং কলেজ, তারপর মুক্ত বিশ্ববিদ্যালয়, হাসপাতালের সামনের রাস্তাগুলো প্রচণ্ড ভাঙা। মানুষের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। এবং প্রচণ্ড ধুলোবালির কারণে মানুষের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। এই রাস্তাটা অনেকদিন ধরে ভেঙে আছে। এই রাস্তাটা পৌরসভা ঠিক করছে না। কোনো একটা বিপদ হলে একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় না।
আরও পড়ুন:
এদিকে বান্দরবান পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত সময়ে বিভিন্ন সড়ক সংস্কারের কথা জানান এই কর্মকর্তা।
বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, ‘বান্দরবান পৌরসভার বেশ কয়েকটি রাস্তা কিন্তু আমাদের নতুন করে কার্পেটিং হবে, ব্লক হবে। সেগুলো খুব দ্রুতই টেন্ডারে যাবে। তো টেন্ডারে গেলে আমরা রাস্তাগুলোর কাজ শুরু করতে পারব। এরপরে আমাদের যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমরা দ্রুত অ্যাসেসমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ারদের দ্বারা কোথায় কোথায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় কোথায় আমাদের রিপেয়ার করতে হবে সেগুলো অ্যাসেস করে আমরা দ্রুত এই রিপেয়ারের উদ্যোগ গ্রহণ করবো।’
বান্দরবান পৌরসভার অধিকাংশ সড়কের এমন বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এমনটাই আশঙ্কা স্থানীয়দের।





