চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১২ বছরের শিশু

অ্যাম্বুলেন্স
অপরাধ
এখন জনপদে
0

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা করেছে একদল অস্ত্রধারী। এসময় এলোপাতাড়ি গুলিতে ১২ বছরের এক শিশু আহত হয়। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ছোট্ট গলিতে পড়ে আছে ডেকোরেশন কর্মী হাসানের নিথর দেহ। বুক আর মাথায় বিদ্ধ বুলেটের ক্ষত জানান দিচ্ছে খুনিদের নৃশংসতা। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ নগরীর বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকায় প্রকাশ্যেই এই হত্যাকাণ্ড চালায় মুখোশধারী চার সন্ত্রাসী।

রাউজানের কদলপুর থেকে বোনের বাসায় বেড়াতে এসে খুনের শিকার হন হাসান। ঘটনার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হয় ১২ বছরের শিশু রেশমি আক্তার। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘ আমি দোকানে ছিলাম, আমি মনে করছি আগুন যেভাবে জ্বলে, সেভাবে শব্দ করে গুলি মারছে, আমি এটা খেয়াল করি নাই, আমি মনে করেছি আগুন লাগছে।’

স্বজনরা এ সময় অপরাধীর শাস্তি দাবি করেন।

আরও পড়ুন:

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হামলা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি। যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, এটা আমরা একদম গুরুত্বের সাথে আমরা সবাই আছি এখানে, আমরা গুরুত্বের সঙ্গে এটাকে উদঘাটন করবো ইনশাআল্লাহ।’

এ ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও পুরো এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। মর্মান্তিক এই খুনের ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া।

এফএস