কাপ্তাইয়ে লিচু খেতে এসে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

মৃত মায়া হরিণ
এখন জনপদে
0

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে লিচু খেতে এসে কুকুরের আক্রমণে প্রাণ হারিয়েছে একটি মায়া হরিণ। আজ (রোববার, ১০ মে) সকালে উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে বন বিভাগ হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পার্শ্ববর্তী বন থেকে একটি মায়া হরিণ লিচু খাওয়ার আশায় বিদ্যুৎকেন্দ্র এলাকার লোকালয়ে চলে আসে। এসময় একদল কুকুর হরিণটিকে লক্ষ্য করে আক্রমণ করে। কুকুরের কামড়ে হরিণটি রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সিবিএ কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, ‘সকালে কুকুরের অস্বাভাবিক আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় হরিণটি পড়ে আছে। কুকুরগুলো কামড়ে হরিণটির পেছনের দিকের মাংস ছিঁড়ে ফেলেছে। পরে আমরা বন বিভাগকে খবর দিলে তারা এসে মৃত হরিণটি উদ্ধার করে।’

আরও পড়ুন:

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী জানান, খবর পেয়ে কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, কুকুরের কামড় ও আঘাতেই হরিণটির মৃত্যু হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন বলেন, ‘মারা যাওয়া প্রাণীটি একটি মায়া হরিণ। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া মেনে বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ এলাকায় হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

এসএইচ