হামের প্রাদুর্ভাব বাড়লেও শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া

সংবাদ সম্মেলনে শিশু বিশেষজ্ঞরা

সংবাদ সম্মেলনে শিশু বিশেষজ্ঞরা
স্বাস্থ্য
এখন জনপদে
0

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়লেও শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের তুলনায় নিউমোনিয়ায় অনেক বেশি শিশু মারা যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়।

আজ (শুক্রবার, ১৫ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শহিদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা জানান, বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব চলছে। তবে চলমান টিকাদান কর্মসূচির কারণে আক্রান্ত শিশুদের প্রায় ৯৫ শতাংশ সুস্থ হয়ে উঠছে। দেশে এরইমধ্যে ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে বলেও জানান তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে হামে শিশুমৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ বলেও তারা জানান।

সংবাদ সম্মেলনে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউল হক বলেন, ‘হাম একটি ভাইরাসজনিত রোগ। সফল টিকাদান কর্মসূচির কারণে একসময় হামের প্রকোপ অনেক কমে এসেছিল। তবে গত দুই বছরে টিকাদান কার্যক্রমে ছেদ পড়ায় চলতি বছরের মার্চ থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’

তিনি আরও জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দুই মাসে ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হাম ও হাম সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০ জন হামে এবং ৩৬৯ জন হাম সদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে।

আরও পড়ুন:

এসময় শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘হামে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে। চিকিৎসায় দেরি হলে জটিলতা বাড়ে এবং রোগ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়।’

তিনি আরও জানান, হামে আক্রান্ত প্রায় ১ শতাংশ শিশুর মস্তিষ্ক আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠে।

অন্যদিকে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, ‘দেশে বর্তমানে ব্রেস্ট ফিডিংয়ের হার ৫৬ শতাংশ। বাকি শিশুরা মাতৃদুগ্ধের বাইরে থাকায় তাদের রোগ প্রবণতা বাড়ছে। পাশাপাশি প্যাকেটজাত খাবারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও শিশুদের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, অধ্যাপক ডা. আসিফ মোস্তফা, অধ্যাপক ডা. আনোয়ারুল কিবরিয়া প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসক।

এএইচ