সিন্ধু প্রদেশের থারপারকার জেলার পুলিশপ্রধান আরিফ আজিজ জানান, রাতের বেলা ওই স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চিকিৎসা নিতে আসা রোগী, স্বাস্থ্যকেন্দ্রের কর্মী এবং তাদের স্বজনরা রয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খলিল আবরো জানান, স্বাস্থ্যকেন্দ্রটি থেকে রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি ছবিতে ভবনের বাইরে অ্যাম্বুলেন্সটির কেবল পুড়ে যাওয়া কঙ্কালসার কাঠামো পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে দুর্ঘটনার কারণ শনাক্তে দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের তাগিদ দেন তিনি। প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে গত আগস্টে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের একটি নার্সারিতে এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়। সেখান থেকে জীবিত উদ্ধার হওয়া একমাত্র শিশুটিও কয়েক সপ্তাহ পর মারা গেলে মোট প্রাণহানি দাঁড়ায় ১৫ জনে।





