নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

নারায়ণগঞ্জ
ইয়াবাসহ আটক ভারতীয় নাগরিক
অপরাধ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১। আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ হিল বাকি (২৩)। গতকাল (সোমবার, ২৫ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক আব্দুল্লাহ হিল বাকির বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকায়। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার।

র‍্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অবস্থান করতেন বলে জানা গেছে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এএইচ