সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত গোলাম হোসেন (৩০) একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ট্যাংকের ভেতরে নেমে তিনি অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে ট্যাংকে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত। পরে মহানন্দ ও আরাফাত ঘটনাস্থলেই মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস