কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনায়
এখন জনপদে
0

চট্টগ্রামের কর্ণফুলীতে পিক-আপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুন) সকাল ৮টায় কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) ১ম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন; কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ থেকে মোটরসাইকেল যোগে বিধান মল্লিক এবং তার পিতা দুর্গাপদ মল্লিক গ্রামে যাচ্ছিল পথেই নতুন ব্রিজের ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিতা দুর্গাপদ মল্লিকের মৃত্যু হয়। পরে ছেলে স্কুল শিক্ষক বিধান মল্লিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনিই মৃত্যু বরণ করেন।

এদিকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হলেও ঘটনার পরপরই ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশ।

এ ব্যাপারে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জেআর