সাতক্ষীরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আবিদ মঈন
সাতক্ষীরা
সাতক্ষীরা সদর থানা
এখন জনপদে
0

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৃথক ঘটনায় মাছের ঘের ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওয়ারিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের একমাত্র ছেলে শান্ত (৫) এবং পাথরঘাটা গ্রামের আশরাফুল ইসলামের ছোট ছেলে মাহিম হোসেন (৩)।

স্থানীয়রা জানান, আজ (শনিবার, ১৩ জুন) দুপুর ১২টার দিকে শান্ত বাড়ির পাশে একটি মাছের ঘেরে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, শিশুটি নিয়মিত দাদার সঙ্গে মাঠে যেতো। ঘটনার দিনও সে দাদার সঙ্গে মাঠে গিয়ে পরে আগে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ঘেরের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে ঝাউডাঙ্গা মাল্টিকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পা পিছলে ঘেরে পড়ে গিয়ে এবং সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, দুপুর ২টার দিকে পাথরঘাটা গ্রামের মাহিম হোসেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বেত্রাবতী নদীর পানিতে পড়ে মারা যায়। স্থানীয়রা জানান, শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনরা অনুসন্ধান শুরু করেন। পরে নদীতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএম