টাঙ্গাইলে পানি শোধনাগার ও জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন

টাঙ্গাইল
জলাধারের নির্মাণ কাজের উদ্বোধনের সময় মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
এখন জনপদে
1

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি শোধনাগার উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসবের উদ্বোধন করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প হতে টাঙ্গাইল পৌরসভার বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বাইরেও আরও কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এরই মধ্যে দুইটি ভূ-গর্ভস্থ পানি শোধনাগার (৩৫০ ঘনমিটার/ঘণ্টা পরিশোধন ক্ষমতা সম্পন্ন) এবং দুইটি উচ্চ জলাধার (৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন) নির্মাণ করা হচ্ছে। পানি পরিশোধনাগার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ১৯ কোটি এক লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।

প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ডের ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত ৯ টি উৎপাদক নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর পানি সংকট অনেকাংশেই নির্মূল হবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীনসহ অনেকে।

জেআর