নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

পিরোজপুর
পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি
এখন জনপদে
1

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ জুন) সন্ধ্যা সা‌ড়ে ছয়টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু খাগড়াছ‌ড়ি জেলার মো. মহা‌সিন মিয়ার ছে‌লে। তারা খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

প‌রিবার সূ‌ত্রে জানা যায়, বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, ‘শিশু দুটিকে বিকালে তার আত্মীয়রা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।’

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। এমনকি কেউ অভিযোগও করেনি। পরিবারের কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেআর