ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড; তদন্ত প্রতিবেদন পড়া শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
এখন জনপদে
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দুই দফা সময় নিয়ে অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী উঠে এসেছে সে বিষয় জানাতে সকাল থেকেই চলছিলো কর্তৃপক্ষের নানান জল্পনা কল্পনা।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করানোর পর দুপুর ২ টায় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কোন কথা না বললেও হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন আমার কাছে জমা দেয়া হয়েছে। এরইমধ্যে প্রতিবেদন পড়া শুরু করেছি, পড়া শেষ হলে ২ -৩ দিনের পড়ে জানানো যাবে বিস্তারিত।

অগ্নিকাণ্ডের ঘটনায় কত জন মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের বিষয়ে কি ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কতজন মারা গেছে তা প্রতিবেদন দেখা শেষে জানা যাবে ,তবে ক্ষতিপূরণের বিষয়ে এখনো হাসপাতালের কোনো সিদ্ধান্ত নেই। একইসঙ্গে বিগত সময়ের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদনগুলোও যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানানো হয়।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ সেপ্টেম্বর হাসপাতাল প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এতে গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে রাখায় সমালোচনা হলে সেটি বাতিল করা হয়। পরের দিন হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটিতে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে নতুন কমিটির প্রধান করা হয়। অগ্নিকাণ্ডের কারণ, কারও গাফিলতি ছিল কি না, ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশ করতে বলা হয় কমিটিকে। প্রথম দফায় পাঁচ কার্যদিবস ও দ্বিতীয় দফায় তিন কার্যদিবস সময় বাড়িয়ে তদন্ত কাজ শেষে গতকাল (সোমবার, ২৮ সেপ্টেম্বর) প্রতিবেদন দিতে পেরেছে কমিটি।

এএইচ