স্বস্তি নিয়েই রাউন্ড অফ থার্টি টুতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ৬ গ্রুপের ১২ দেশ। বড় কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে চলমান বিশ্বকাপে ৬ গ্রুপের ম্যাচ। বর্ধিত আকারের বিশ্বকাপে নকআউট নিয়ে আছে নানা জটিলতা। ফিফার নতুন নিয়মে ৩২ দেশের প্রতিপক্ষ নির্ধারণে ৪৯৫টি আলাদা আলাদা বিন্যাস সম্ভব। তবে এসব জটিলতার মধ্যেই ৮ দেশ এরইমাঝে নিশ্চিত হয়েছে নিজেদের প্রতিপক্ষ নিয়ে।
‘সি’ গ্রুপে শীর্ষস্থান থেকেই নকআউটে গিয়েছে ব্রাজিল। ‘এফ’ গ্রুপের রানার্স আপ জাপান তাদের প্রতিপক্ষ। সুইডেনের বিপক্ষে ব্লু সামুরাইদের ড্র, নিশ্চিত করেছে ব্রাজিলের ফিক্সচার। আগামী ২৯ জুন রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে এশিয়ান পাওয়ারহাউজের বিপক্ষে নামবে সেলেসাওরা।
আরও পড়ুন:
২০১৯ সালের পর থেকে কোচ হাজিমে মরিয়াশুর নেতৃত্বে ইউরোপিয়ান দেশের বিরুদ্ধে অজেয় জাপান। ২০২৫ সালেই ব্রাজিলকে তারা হারিয়েছিল ৩-২ গোলে। জমজমাট এক ম্যাচের অপেক্ষা করতেই পারেন সমর্থকরা।
উত্তাপ ছড়াতে পারে ৩০ জুন সকাল ৭টার ম্যাচও। যেখানে দুই ফিফা র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা মরক্কোর পরীক্ষা নেবে অষ্টম স্থানে থাকা নেদারল্যান্ডস। দুই সেমিফাইনাল প্রত্যাশী দলের একজনের পথচলা থামবে নকআউটের শুরুতেই। গতিশীল ফুটবলের পসরা দেখা যাবে কানাডার মন্টেরেই স্টেডিয়ামে।
তিন স্বাগতিকের মাঝে নিজেদের প্রতিপক্ষ জানতে পেরেছে দু’দেশ। যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। অন্যদিকে কানাডা খেলবে ২০১০ সালের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
এছাড়া নিজ নিজ ম্যাচের ফিক্সচার জানলেও প্রতিপক্ষের জন্য অপেক্ষায় আছে জার্মানি, আর্জেন্টিনা, আইভরি কোস্ট, মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড।





