শহর রক্ষায় রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

রাজশাহী
রাজশাহীতে উচ্ছেদ অভিযান
এখন জনপদে
1

রাজশাহী শহর রক্ষায় বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধভাবে দখল করে তৈরি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুর থেকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকা থেকে এ যৌথ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে গড়ে ওঠা হাফিজুর রহমান নামের এক দখলদারের নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন:

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এবং সরকারি স্থাপনা সংরক্ষণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পাউবো এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে বর্তমানে নগরীর কেশবপুর এলাকায় এ কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলার চিহ্নিত এলাকাগুলোতে এ অভিযান চালানো হবে।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, ‘আমরা এর আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করেছি। কিন্তু তারা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শ্রীরামপুর বাঁধের পুরো অংশ জুড়ে এ উচ্ছেদ অভিযান চলবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধারা বজায় রাখা হবে।’

এসএইচ