রথযাত্রায় হয়রানি রোধে সরকার গুরুত্ব দিচ্ছে: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ
আফরোজা খানম রিতা
ধর্ম ও বিশ্বাস
এখন জনপদে
0

রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব, এ উৎসবে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুর ৩টায় মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের অন্যান্য এলাকার মতো মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

অনুষ্ঠান উদ্বোধনের পর বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত রথটেনে যাত্রার সূচনা করেন ভক্তরা। রথটি আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।

রথযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে, রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারের মাত্র পাঁচ মাসের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে, যাতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।’

তিনি বলেন, ‘আগামীতে সারা দেশে আরও ২৫০টি মন্দিরের উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় একটি করে আধুনিক শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এই আয়োজনে অংশ নেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন।

এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমসহ সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসএস