ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতদের হামলায় জেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়া
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতদের হামলায় আলী আহমদ (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া হাওর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমদ চরইসলামপুর ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে রাতের আঁধারে একদল ডাকাত বোয়ালিয়া হাওরে নৌযান নিয়ে ঘুরাফেরা করছিল। গতকাল রাতে ওই ডাকাতরা আবারও হাওরে আসে।

রাত আনুমানিক ২টার দিকে হাওরে মাছ ধরতে থাকা আলী আহমদ ও তার ছেলে ডাকাতদের নৌকা লক্ষ্য করে টর্চ লাইট ধরলে তারা আলী আহমদের ছেলেকে বেধে মারধর করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আলী আহমদকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা। পরে আজ দুপুরে আলী আহমদের মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নিহতের স্বজনদের অভিযোগ ডাকাতদের হামলায় আলী আহমদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ