মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে; নিহত ১, আহত অন্তত ১০

মানিকগঞ্জ
যাত্রীবাহী বাস খাদে
এখন জনপদে
1

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ (রোববার, ১৯ জুলাই) সকাল ৮টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি বলেন, ‘পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাসের চালক হেলপার পলাতক রয়েছে। এ ঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এফএস