পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স
এখন জনপদে
1

বরগুনার পাথরঘাটায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও হাসান গাজী তালুক চরদুয়ানী বাজারের রিপন নামে এক ব্যক্তির ভবনে কাজ করতে যান। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করেন।

কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. মো. সাইদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই থানা থেকে পুলিশ টিম পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এফএস