চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

মরদেহের প্রতীকী
এখন জনপদে
1

পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে স্থানীয় জনতার পিটুনিতে মানিক হোসেন সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (রোববার, ২ আগস্ট) রাত প্রায় ৩টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠাণ্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় সুমনের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার ছেলে গুরুতর আহত হন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) সাহাপুর মহাদেবপুরের মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মিস্ত্রিপাড়া ঠাণ্ডাতলা গ্রামের হাবিবুল ইসলামে মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে (সুমন)। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে দোকান মালিক বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় অভিযুক্ত সুমন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক হাবিবুলকে এলোপাতাড়ি কোপ দেয়। হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যায়।

আহত মুদি দোকানি হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

জেআর