টেকনাফে র‌্যারের অভিযানে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ
অপরাধ
এখন জনপদে
0

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১৫ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।

পরে রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই ব্যাগ তল্লাশি করে ১ কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়।

প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পলাতক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএইচ