ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
এখন জনপদে
0

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়। এতে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

প্রশাসন ও সংশ্লিষ্টদের দাবি, সরকারি জমি দখল করে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় সড়কের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ছিলেন।

মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ভাঙ্গা-ফরিদপুর গোয়ালচামট সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনার কথা জানানো হয়।

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এবং হাসপাতালের সামনে থাকা অস্থায়ী দোকানপাট একে একে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে সড়ক ও হাসপাতাল এলাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন দোকানপাট ও অন্যান্য স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সড়ক বিভাগ, জেলা পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক বিভাগের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে সহায়তা করা হচ্ছে। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাট বসানোর কারণে রোগী, স্বজন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ অভিযান চলমান থাকবে।’

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘জেলা প্রশাসন ও সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এ অভিযানে কাজ করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সড়ক বিভাগের যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার এ কার্যক্রম শুরু হয়েছে।’

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, শুধু হাসপাতাল এলাকা নয়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন যেসব সরকারি জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গাও দখলমুক্ত করা হবে। পাশাপাশি উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে কেউ স্থাপনা নির্মাণ বা দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।

দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে হাসপাতাল ও সড়ক সংলগ্ন এলাকায় রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে বলে মনে করছেন হাসপাতালে আসা রোগীর স্বজনেরা।

এএইচ