প্রধানমন্ত্রীর জাতিসংঘে দেয়া ভাষণে বাংলা উচ্চারণ নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, স্কুলশিক্ষক আটক

স্কুল শিক্ষক আটক
এখন জনপদে
2

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে দেয়া ভাষণে বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এসময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শিক্ষক লালন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় অসন্তোষ দেখা দেয়।

বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে শিক্ষক লালনকে আটক করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি জানার পর শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে—এমন মন্তব্য করেছেন বলে জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জেআর