মানিকগঞ্জে পানিতে ডুবে ১ কিশোরীর মৃত্যু

মানিকগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।

পারভীন আক্তার বলেন, ‘তার মা অসুস্থ হওয়ায় তাকে নিয়ে তিনি দুই দিন আগে ভাবির সঙ্গে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টি গ্রামে আসেন। আজ সকালে আনিসা হেঁটে সট্টি নতুন ব্রিজের কুমপাড় এলাকায় যায়। সেখানে কোনো একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়।’

খবর পেয়ে আনিসার চাচা জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে বলেন, ‘হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু হয়েছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।’

জেআর