সাড়ে তিন ঘণ্টা পর গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
0

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল তিনটার দিকে মেট্রিক্স গার্মেন্টস নামের কারখানায় আগুন লাগে।

আগুনের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার সময় নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সাত তলা ভবনের তিন তলায় আগুন লেগেছিল। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, মেট্রিক্স গার্মেন্টেসের গুদামে আগুন লাগার খবর পাই। আমরা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে। তবে ক্ষয়ক্ষতি ও হতাহাতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায় নি।

এএইচ