বিজিবির অভিযানে তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
এখন জনপদে
0

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় এলাকার নয়াপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারীদের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে সেখানে ওত পেতে ছিল বিজিবি সদস্যরা।

পরে ৪ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজনের আনাগোনা দেখতে পায় বিজিবি। এ সময় ৫-৬ জনের একটি টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তিনটি ব্যাগ ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলোতে পাওয়া যায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ