শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের পুরস্কার পেলো রাজশাহী

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতে পুরস্কার পেলো রাজশাহী
এখন জনপদে
0

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এ পুরষ্কার গ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। পুরষ্কার বিতরণের পূর্বে এ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

এ সময় বক্তব্য রাখেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন ‘নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। এই সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

পরে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। একইসঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এফএস