টঙ্গীতে অস্ত্রসহ ছিনতাইকারী ‘চোক্কা রাজু’ গ্রেপ্তার

অন্ত্রসহ গ্রেপ্তার চোক্কা রাজু
এখন জনপদে
0

গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়ি থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাইসহ মো. রাজু মিয়া ওরফে ‘চোক্কা রাজু’ (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুর বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল উত্তর আরিচপুরের হিমারদিঘী এলাকার কো-অপারেটিভ সোসাইটি মাঠ বস্তিতে অভিযান চালায়। সেখানে নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু ওই এলাকার শীর্ষ মাদক কারবারি রিপন মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, রাজুকে আটকের পর তার দেয়া তথ্যে বাড়ি থেকে একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাই উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও আদালতকে অবহিত করা হয়েছে। গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা রয়েছে।

এদিকে, টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত ও হীরা নামে আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

এএইচ