হবিগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জ বাঁশবাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

নিহত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে যান মরিয়ম। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় মরিয়মের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ সকালে বাঁশবাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া জানান, প্রায় এক বছর আগে মরিয়ম বিবি ও আমজাদ মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার নদীতে গোসল করতে গিয়ে স্রোতে নিখোঁজ হন মরিয়ম।

এফএস