চাঁদপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্য আটক

জব্দকৃত অস্ত্র-গুলি সরঞ্জামের সঙ্গে ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্য
এখন জনপদে
অপরাধ
1

চাঁদপুরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত কিবরিয়া মিয়াজির চক্রের ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি ওয়াকি টকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজির নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলকারী নৌযানগুলো থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাল্কহেডে ডাকাতির সময় কিবরিয়া মিয়াজির ৫ জন সহযোগীকে হাতেনাতে আটক করা হয়।

জব্দ করা অস্ত্র, স্পিড বোট ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

এএইচ