দক্ষ জনশক্তি গড়তে মানসম্মত শিক্ষার ওপর জোর দিতে হবে: এ জেড এম জাহিদ

দিনাজপুর
ডা. এ জেড এম জাহিদ হোসেন কথা বলেছেন
এখন জনপদে
দেশে এখন
0

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যোগ্য ও ভালো মানুষ তৈরির পাশাপাশি যুগোপযোগী, আধুনিক শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য।

আজ (মঙ্গলবার, ২৬ মে) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষভাবে সক্ষম জনসাধারণ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা। ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে, তাহলে অন্যায় কমে যাবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

মন্ত্রী বলেন, ‘একজন ভাল মানুষের যদি ভাল জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে এলাকার প্রতিটি ছেলেমেয়েকে যোগ্য ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার থাকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যারা অর্থনৈতিক কষ্টে আছেন, তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি। এটা মাত্র এ কাজটি শুরু করা হলো।’

আরও পড়ুন:

ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান শেষে জেলার ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ২০০ অসহায় নারী ও পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১০০ জনের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী নগদ এক হাজার টাকা করে ঈদের উপহার হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করেন।

এর আগে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩৩ জন শিক্ষার্থী এবং ৫ জন অসহায় ও অসুস্থ নারীপুরুষ ও ৫ জন প্রতিবন্ধীর মাঝে সাড়ে ১২ লাখ টাকার সরকারিভাবে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাছুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসএইচ