বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার: বরগুনার ৩ ট্রলারসহ আটক ৩৭ জেলে

কোস্ট গার্ড হেফাজতে আটক জেলেরা
এখন জনপদে
অপরাধ
0

বঙ্গোপসাগরে নিষিদ্ধ ‘আর্টিসানাল ট্রলিং’ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে বরগুনার ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি অবৈধ ট্রলিং বোটও জব্দ করা হয়। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে, গত বুধবার (৪ মার্চ) বিকেলে বরগুনার পাথরঘাটা সংলগ্ন গভীর সমুদ্রে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ডের জাহাজ ‘সিজিএস সোনার বাংলা’। অভিযানকালে অবৈধ পদ্ধতিতে মাছ ধরা অবস্থায় এফ.বি মায়ের দোয়া-২৭, সীমা-০২ এবং আসমা নামক তিনটি ফিশিং বোটসহ ৩৭ জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের অধিকাংশেরই বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে রয়েছেন মো. নুহু মিয়া, সগির হাওলাদার, জসিম উদ্দিন, শাহিনুল ইসলাম সবুজ ও মো. শিপন মোল্লাসহ মোট ৩৭ জন।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কোস্টগার্ড আটক জেলে ও জব্দ করা বোটগুলোকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের বিরুদ্ধে ২০২০ সালের সামুদ্রিক মৎস্য আইনের ২৮ ধারায় মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে। জানা যায়, বোটে থাকা মাছগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামে বিক্রি করা হবে অথবা কোনো এতিমখানায় দান করা হতে পারে।

এসএইচ