ঝিনাইদহের কালিগঞ্জ বাস টার্মিনালে র‌্যাবের অভিযানে হেরোইন উদ্ধার

ঝিনাইদহ
উদ্ধার করা মাদক
এখন জনপদে
অপরাধ
0

​ঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে ৭৫০ গ্রাম পরিত্যক্ত হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পরিচালিত এক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

​র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে কালীগঞ্জ বাস টার্মিনালের ভেতরে অভিযান চালায়। বাস টার্মিনালের ‘মামুন কাউন্টার’-এর সামনে দাঁড়ানো দুটি বাসের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় একটি সবুজ রঙের স্কুলব্যাগ দেখতে পান সদস্যরা। পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭৫০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়।

​র‌্যাব-৬, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষপ নেয়া হয়েছে। অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএ