দৌলতপুরে সাড়ে ১৯ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে
এখন জনপদে
0

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় একজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএস