কুষ্টিয়ায় পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ; দুই স্পিডবোটে আগুন

আগুনে পুড়ছে স্পিডবোট
এখন জনপদে
অপরাধ
1

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জলদস্যুদের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি স্পিডবোটে আগুন দেয়ার পর মাঝ নদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণও করা হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে,নদীতে চারটি স্পিডবোট চলাচলের একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। পরে বোট দুটি তীরে রেখে পালিয়ে গেলে প্রতিপক্ষ জলদস্যুরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে আরেকটি স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত বোট দুটি মাঝ নদীতে নিয়ে ডুবিয়ে দেয়া হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছে, ঘটনাটি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত এলাকায়। প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে নৌ-পুলিশ। তবে এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ