কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

কক্সবাজার
১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করছে বিজিবি
এখন জনপদে
অপরাধ
0

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূ্ল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।

আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত এক বছরে সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময়ে সংশ্লিষ্ট ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

মাদকের বিস্তার রোধ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

এএইচ