ব্যাংকের কার্ড নিয়ে জরুরি সতর্কবার্তা জারি

বাংলাদেশ ব্যাংক ও কার্ড
ব্যাংকপাড়া
অর্থনীতি
0

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কিছু অননুমোদিত থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান গ্রাহকদের প্রচলিত প্লাস্টিক কার্ডকে আকর্ষণীয় মেটাল (ধাতব) কার্ডে রূপান্তর করার লোভনীয় অফার দিয়ে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা পোস্ট করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অননুমোদিত এসব প্রতিষ্ঠান প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি বা সিভিসি নম্বরের মতো অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে, যা গ্রাহকের আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয়।

এ ধরনের অননুমোদিত রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু বড় ঝুঁকির কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে বড় ধরনের জালিয়াতি হতে পারে এবং গ্রাহকের অজান্তেই অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এতে একদিকে যেমন গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে, অন্যদিকে সামগ্রিক ব্যাংক কার্ড ব্যবস্থাপনায় বড় ঝুঁকি তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত গ্রাহককে অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ডের তথ্য দেওয়া এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছে। কার্ড সংক্রান্ত যেকোনো সেবার জন্য শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত নিজস্ব চ্যানেল বা শাখা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের ব্যাংক হিসাবের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আরও মনে করিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কিংবা কার্ডের অন্য কোনো তথ্য কারও সাথে শেয়ার করা যাবে না। কার্ডের ব্যবহারে যেকোনো ধরনের সন্দেহজনক বিষয় বা লেনদেন চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ