ইবি’র নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৮ রাষ্ট্রীয় অতিথি

নবীনবরণে থাকছেন ৮ রাষ্ট্রীয় অতিথি
ক্যাম্পাস
শিক্ষা
0

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামীকাল (শনিবার, ১ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষামন্ত্রীসহ আটজন রাষ্ট্রীয় অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। আজ (শুক্রবার, ৩১ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে নিরাপত্তা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘স্থানীয় থানা পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আনসার, বিএনসিসি, রোভার স্কাউট এবং ক্যাম্পাসের সক্রিয় ছাত্রসংগঠনগুলো নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। এরই মধ্যে অতিথিদের বরণে সব প্রস্তুতি সম্পন্ন শেষ।’

নবীন বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ আটজন রাষ্ট্রীয় অতিথি উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে— সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

আয়োজকরা জানিয়েছে, একই দিনে দুই পর্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা অংশ নেবেন। রাষ্ট্রীয় অতিথিদের সময়কে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্টদের বক্তব্য রাখা হবে না।

জেআর