ইবিতে পরীক্ষায় অসদুপায়, শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ শাস্তি অনুমোদন করা হয়।

আজ (সোমবার, ২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. মাছুদুল হক তালুকদার এতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ১৭ অক্টোবর পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেয়া হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন করে, লোক প্রশাসনের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের দু’জন করে রয়েছেন। এছাড়া হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের একজন করে শিক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন:

অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারও নির্দিষ্ট বর্ষ বা সেমিস্টার, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে একাধিক পরীক্ষায় শাস্তি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় এ ব্যবস্থা নেয়া হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়,অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে শৃঙ্খলা কমিটি শাস্তির সুপারিশ করে। পরে সিন্ডিকেটের অনুমোদনে সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে,পরীক্ষায় নকল ও অসদুপায় রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার হলে প্রবেশের সময় তল্লাশি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তদারকি এবং নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

এসএস