অসুস্থতা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে আসছেন শিক্ষার্থীরা। কেউ খেলতে গিয়ে চোট পেয়েছেন, কেউ ভুগছেন নানা শারীরিক সমস্যায়। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় পাচ্ছেন না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা।
চিকিৎসা কেন্দ্রের অবস্থা রোগীর মতোই জরাজীর্ণ। ওয়ার্ডের সজ্জা অপরিচ্ছন্ন, মেঝেতে স্যাঁতসেঁতে পরিবেশ। দীর্ঘদিনেও স্থাপন করা হয়নি এক্সরে মেশিন, বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রমও। রয়েছে আল্ট্রাসনোগ্রাম মেশিন, তবে দক্ষ অপারেটর না থাকায় বছরের পর বছর সেটি পড়ে আছে অব্যবহৃত। চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবলেরও সংকট রয়েছে। দায়িত্ব থেকেও চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের রোগ শোনার আগে আমাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করে দেয়া হয়। যে পরিমাণ চিকিৎসক রয়েছেন, উনারা আসলে নিয়মিত ডিউটিতে আসেন না।’
আরও পড়ুন:
একজন নারী শিক্ষার্থী বলেন, ‘প্রত্যেকটা ডক্টরের তাদের হচ্ছে পার্সোনাল কেবিন আছে, কিন্তু তারা সবাই এক টেবিলে বসে রোগী দেখে এবং আমি নিজে এটা সাফার করেছি।’
এক্সরে করাতে শিক্ষার্থীদের যেতে হচ্ছে প্রায় ২৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া বা ঝিনাইদহ। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি চিকিৎসা কেন্দ্রটির ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সিরাজুল ইসলামকে।
চিকিৎসা কেন্দ্রের এমন পরিস্থিতির বিষয়ে কিছুই জানেন না বললেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে খোঁজখবর নিয়ে চিকিৎসা সেবার মানোন্নয়নে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ইবি উপাচার্য ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ‘যে এখানে শিক্ষার্থীরা চিকিৎসা এটি তারা পাচ্ছেন না, এ মর্মে কোনো তথ্য তারা জানান নাই। দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররাও আমাদের কিছু বলেনি, এটা আপনাদের মাধ্যমে জানলাম। আর মেডিকেল সেন্টারের ভেতরে যদি কোনো আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করবো।’
প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এক্সরে ও আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চান শিক্ষার্থীরা। দ্রুত চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা কেন্দ্রটির আধুনিকায়ন ও সেবামান উন্নয়নের দাবি তাদের।





