শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট

বৃষ্টির ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

চলতি সপ্তাহের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) থেকে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি অন্তত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১৮ জুলাই) থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়বে। এদিন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

রোববার (১৯ জুলাই) ও সোমবার (২০ জুলাই) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর সোমবার তা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ইএ