কুমিল্লায় ৭ লাখের বেশি শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা; ১১ দিনের ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

কুমিল্লা
সিভিল সার্জন কার্যালয়ে প্রেস কনফারেন্স
এখন জনপদে
স্বাস্থ্য
0

সংক্রমণ রোধে কুমিল্লার সাত লাখের বেশি শিশুকে হাম-রুবেলার (এমআর) টিকা দেবে জেলার স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ দিনব্যাপী চলবে এ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু পাবেন এ টিকা। জেলার প্রাক-প্রাথমিক ও এর সমমান শ্রেণির ছাত্র-ছাত্রীদের এবং কমিউনিটি ক্লিনিকে এমআর টিকার প্রথম ডোজ দেয়া হবে শিশুদের।

আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, জেলার ১৭টি উপজেলায় অস্থায়ী ৪ হাজার ৮৪৮টি এবং স্থায়ী ১৮টি কেন্দ্রে মোট ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। ১১ দিনের এ ক্যাম্পেইনে যাতে কোনো শিশু বাদ না পড়ে, সেজন্য গণমাধ্যমের সহযোগিতার পাশাপাশি মাইকিং ও ওয়ার্ডভিত্তিক প্রচারণা চালানো হবে।

আরও পড়ুন:

সিভিল সার্জন আরও জানান, জেলায় হাম আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৬ শতাংশের বয়স ৫ বছরের নিচে। একইসঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রথম ডোজ টিকা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে ছয় মাস পর দ্বিতীয় ডোজ টিকা দেয়ার পরিকল্পনাও রয়েছে।

ডা. আলী নুর মোহাম্মদ বলেন, ‘২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত টিকা না থাকায় অনেক শিশু হাম-রুবেলা টিকা থেকে বঞ্চিত হয়েছে। যা সংক্রমণ বৃদ্ধির একটি কারণ হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পুষ্টির অভাবেও শিশুরা এ রোগে আক্রান্ত হতে পারে।’

আগামী ২০ এপ্রিল কুমিল্লা সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

এসএস