ফের বাংলাদেশিদের পদচারণায় প্রাণ ফিরছে কলকাতার নিউ মার্কেটে

কলকাতার ‘নিউ মার্কেট’
প্রবাস
0

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হয়েছে। তেমনি মেডিকেল ভিসা অনুমোদনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এর ফলে প্রাণ ফিরে পাচ্ছে কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত ‘নিউ মার্কেট’।

গত দেড় থেকে দুই সপ্তাহ আগেও পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দিনে গড়ে ১ হাজার ২০০ পর্যটক ভারতে আসতেন। এখন তা বেড়ে আড়াই হাজারের কাছকাছি। এছাড়া অন্য স্থলবন্দর ও বিমান মিলিয়ে ভারতে আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা ৪ হাজারেরও কিছু বেশি। যদিও এর মধ্যে ৮০ শতাংশই মেডিকেল ভিসা নিয়ে আসা, আর বাকিরা পর্যটন ভিসায়।

ভারতীয় এক চিকিৎসক বলেন, ‘আবার ওই পুরনো দিন ফিরে আসবে। ধরে নিন, ৮০ শতাংশ রোগী আসছে আর ২০ শতাংশ পর্যটক ভিসাতে আসছে।’

দুই বাংলায় ভাষা, খাদ্যাভাস, সংস্কৃতি, জীবনযাত্রা একইরকম হওয়ায় সবসময়ই বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ কলকাতা। বিশেষ করে কলকাতার নিউমার্কেট এলাকা। আর বাংলাদেশিদের ওপর নির্ভর করেই এই নিউমার্কেটে গড়ে উঠেছে হোটেল, গেস্ট হাউস, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি, কসমেটিক, স্টেশনারি ও কাপড়ের দোকান।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মাঝে দুই বছর ভাটা পড়লেও আবারো বাংলাদেশি পর্যটকদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে কলকাতার নিউমার্কেট এলাকা।

এছাড়া আগের তুলনায় কিছুটা চাহিদা বেড়েছে পরিবহন ব্যবসাতেও। তবে তা আশানুরূপ না হলেও গাড়ির চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন ব্যবসায়ীরা। তারা জানান, আগের তুলনায় একটু বেড়েছে। তবে এখনও আশানুরূপ হয়নি।

এদিকে মারকুইস স্ট্রিট, টটি লেন, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিটসহ নিউমার্কেটের আশপাশের এলাকায় আবাসিক হোটেল, মানি এক্সচেঞ্জ, পোশাক বিপণনসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসার পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর।

এক ব্যবসায়ী বলেন, ‘চিকিৎসার জন্য চেন্নাই, দিল্লি, মুম্বাইয়ে সরাসরি ফ্লাইট থাকায় ওরা সেখানে চলে যাচ্ছে। ফলে কলকাতায় আসাটা কম হচ্ছে। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, আগের তুলনায় কিছুটা বেড়েছে।’

অন্যদিকে, মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় আসা বাংলাদেশি পর্যটক জানান, চিকিৎসা পরিষেবা নিয়ে কোনোরকম সমস্যার মুখোমুখি হয়নি তারা।

এক বাংলাদেশি পর্যটক বলেন, ‘নিরাপত্তার কোনো অভাব নেই এখানে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি যেহেতু পুরনো, অনেক আগে থেকেই যাওয়া-আসা করছি, ফলে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না।’

আরেক বাংলাদেশি পর্যটক জানান, আগের থেকে সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। পর্যটকদের সংখ্যা বেড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে বেশ ভালো।

চিকিৎসা বা পর্যটন ভিসায় ভ্রমণ করা বাংলাদেশিদের প্রত্যেকেরই আশা, দুই দেশের সম্পর্কের শীতলতা কেটে গিয়ে উষ্ণ হয়ে উঠবে পরিবেশ।

এসএইচ