রাতের আকাশে এখন তারার চেয়ে কৃত্রিম উপগ্রহের সংখ্যা বেশি

পৃথিবীর কক্ষপথে শনাক্তযোগ্য বস্তুর কম্পিউটার-নির্মিত চিত্র
বিদেশে এখন
তথ্য-প্রযুক্তি
0

যুক্তরাজ্যের বেশির ভাগ শহরের ওপর রাতের আকাশে এখন খালি চোখে দেখা যাওয়া তারার চেয়ে দৃশ্যমান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা বেশি। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সূক্ষ্ম প্রকৌশল সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকু কম্পোনেন্টস গত অক্টোবরে সাত রাত ধরে ভূপৃষ্ঠ থেকে ২ হাজার কিলোমিটারের (১ হাজার ২০০ মাইল) কম উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করা ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করে এই বিশ্লেষণ চালিয়েছে। এতে দেখা গেছে, রাতের যেকোনো মুহূর্তে ৭০০টির বেশি স্যাটেলাইট আকাশ অতিক্রম করছে। মাঝারি মাত্রার আলোকদূষণ থাকা এলাকাগুলোতে সাধারণত খালি চোখে যত তারা দেখা যায়, স্যাটেলাইটের এই সংখ্যা তার চেয়েও বেশি।

অ্যাকু কম্পোনেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আগের ৬০ বছরে যুক্তরাজ্যের রাতের আকাশ যতটা বদলেছে, গত সাত বছরে তার চেয়ে বেশি বদলে গেছে। সামনে আরও বিশাল স্যাটেলাইট বহর মহাকাশে যুক্ত হতে যাওয়ায় প্রতি রাতে যুক্তরাজ্যের আকাশ অতিক্রম করা স্যাটেলাইটের সংখ্যা কেবল বাড়তেই থাকবে।

সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট নেটওয়ার্কের দ্রুত সম্প্রসারণের ফলে পুরো এক রাতে যুক্তরাজ্যের একটি সাধারণ শহরের ওপর দিয়ে প্রায় ১৩ হাজার ভিন্ন ভিন্ন স্যাটেলাইট অতিক্রম করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্পেসএক্সের স্টারলিংক স্পেস ইন্টারনেট বহর। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মোট সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশের বেশিই এই স্টারলিংকের।

এক দশক আগেও মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ছিল ১ হাজারের কিছু বেশি, যা বর্তমানে ২০ হাজার ছাড়িয়ে গেছে। কেবল গত বছরই মহাকাশে রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু উৎক্ষেপণ করা হয়েছে। চলতি বছর সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। কারণ মহাকাশভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার হিসেবে কাজ করার জন্য আগামী বছরগুলোতে কক্ষপথে আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

স্যাটেলাইটের এই ক্রমবর্ধমান সংখ্যা জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। তারা সতর্ক করে বলেছেন, এসব স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাচ্ছে। স্যাটেলাইটের আলোর রেখা ভূপৃষ্ঠের টেলিস্কোপে তোলা ছবির ওপর দিয়ে চলে যাওয়ায় তারা, ছায়াপথ ও মহাকাশের অন্যান্য বস্তু আড়ালে পড়ে যাচ্ছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গাসপার বাকোস এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষরের আহ্বান জানিয়ে নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘পৃথিবীর চারপাশের কৃত্রিম উপগ্রহগুলো আলোকদূষণের এক নতুন রূপ। নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো বিশেষভাবে উজ্জ্বল হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান এমন হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এতে রাতের আকাশ, নক্ষত্রমণ্ডলী এবং মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের দৃশ্য আমাদের চোখের আড়ালে পুরোপুরি হারিয়ে যেতে পারে।’

চলতি বছর ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) করা আলাদা এক গবেষণায় দেখা গেছে, বিশাল স্যাটেলাইট বহর উৎক্ষেপণের পরিকল্পনা জ্যোতির্বিজ্ঞানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ইএসওর গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে কক্ষপথে মোট স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১ লাখের মধ্যে সীমিত রাখা উচিত।

—দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে অবলম্বনে

এএম